চিন ও তুরস্কের সরকারি প্রচারমাধ্যমের এক্স অ্যাকাউন্ট বুধবার বন্ধ করল কেন্দ্রীয় সরকার।

চিনের মতোই তুরস্কের সম্প্রচার মাধ্যম 'টিআরটি ওয়ার্ল্ডের' এক্স হ্যান্ডল ভারত বন্ধ করে দিয়েছে।
শেষ আপডেট: 14 May 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: চিন ও তুরস্কের সরকারি প্রচারমাধ্যমের এক্স অ্যাকাউন্ট বুধবার বন্ধ করল কেন্দ্রীয় সরকার। চিনের সরকার নিয়ন্ত্রিত প্রচারমাধ্যম গ্লোবাল টাইমস ও শিন হুয়াকে মঙ্গলবারই সতর্ক করে দেওয়া হয়। অপারেশন সিঁদুর নিয়ে 'বিভ্রান্তিকর' খবর ছড়ানোর আগে, চিনকে 'সত্য ও বাস্তব ঘটনার ফ্যাক্টচেক' এবং সূত্রের খবরের বিপরীত তথ্য পরীক্ষা করার জন্য সতর্ক করে দিয়েছিল নয়াদিল্লি।
চিনের মতোই তুরস্কের সম্প্রচার মাধ্যম 'টিআরটি ওয়ার্ল্ডের' এক্স হ্যান্ডল ভারত বন্ধ করে দিয়েছে। এর আগেই চিনে থাকা ভারতের দূতাবাস গ্লোবাল টাইমসকে জানিয়েছিল, আমরা অনুরোধ জানাচ্ছি যে, আপনারা সংবাদ সম্প্রচারের আগে তার সত্যতা যাচাই করে দেখে নিন। এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর খবর প্রকাশ থেকে বিরত থাকুন।
তারই পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপড়েনের আবহে ভারতীয় সেনা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে চিনের দু’টি সরকারি প্রচারমাধ্যমের এক্স হ্যান্ডল নিষিদ্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবারই ‘গ্লোবাল টাইমস’কে সতর্ক করেছিল চিনের ভারতীয় দূতাবাস। বলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার হামলা সংক্রান্ত বিষয় নিয়ে সমাজমাধ্যমে কোনও তথ্য প্রকাশ করার আগে তা যেন যাচাই করে নেওয়া হয়।
এক্স হ্যান্ডলের পোস্টে চিনের ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছিল, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বেশ কিছু পাকপন্থী এক্স হ্যান্ডল থেকে বেশ কিছু ভিত্তিহীন দাবি করা হচ্ছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। সেই সব তথ্য যাচাই না করে কোনও সংবাদমাধ্যম প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতির বিরোধী।
সরকারি সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’-এর সময় বাহাওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছিল বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্ট। কিন্তু ভারতের ‘প্রেস ইনফর্মেশন ব্যুরো’ (পিআইবি) জানায়, যে ছবিগুলি সমাজমাধ্যমে পোস্ট করে ওই সব দাবি করা হচ্ছে, সেগুলি ২০২১ সালের। পঞ্জাবের মোগা জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি সেগুলি।