অরুণাচল প্রদেশের বিভিন্ন গ্রামের নতুন নতুন নামকরণের ফের জোরাল প্রতিবাদ জানাল ভারত।

চিনের কমিউনিস্ট সরকারের তরফে অরুণাচলের ২৭টি গ্রামের নতুন নামের তালিকা প্রকাশ করা হয়।
শেষ আপডেট: 14 May 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশের বিভিন্ন গ্রামের নতুন নতুন নামকরণের ফের জোরাল প্রতিবাদ জানাল ভারত। বুধবার দেশের বিদেশ মন্ত্রক চিনের সাম্প্রতিক এই পদক্ষেপকে 'অযৌক্তিক প্রচেষ্টা' বলে বর্ণনা করে নতুন নামকরণকে খারিজ করে দিয়েছে। কাশ্মীরের মতোই অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে ছিল, আছে ও থাকবে।
প্রসঙ্গত, গত ১১-১২ মে চিনের কমিউনিস্ট সরকারের তরফে অরুণাচলের ২৭টি গ্রামের নতুন নামের তালিকা প্রকাশ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, চিন বারবার ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নিজস্ব নামকরণের অযৌক্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা নির্দিষ্টভাবে চিনের এই কর্তৃত্ববাদী ভূমিকা বিরোধিতা করছি। নিজের মতো করে নামকরণ করলেই প্রকৃত বাস্তবকে উপেক্ষা করা যায় না যে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।
এর আগে চিন অরুণাচল প্রদেশের যাকে বেজিং সরকার জাংনান অথবা দক্ষিণ তিব্বত নাম দিয়েছে, তার চতুর্থ ভৌগোলিক তালিকা প্রকাশ করে। তাতে ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিখাদ এবং ১১টি গ্রাম ও একটি জমিকে নিজেদের বলে দাবি করেছিল।
Our response to media queries on renaming places in Arunachal Pradesh by China (May 14, 2025)
🔗 https://t.co/5XtzF8ImUJ pic.twitter.com/1edyuqRpog— Randhir Jaiswal (@MEAIndia) May 14, 2025
২০১৭ সাল থেকে চিন এক এক করে তালিকা প্রকাশ করে অরুণাচল প্রদেশ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পর থকে ২০২১-এর ডিসেম্বর, ২০২৩-এর এপ্রিল এবং ২০২৪ সালের তালিকা মিলিয়ে প্রায় ৬০টির বেশি জায়গাকে নিজের মানচিত্রে আনার চেষ্টা করছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।