বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বুধবার, ১৪ মে, দেশের ৫২-তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন।

বুধবার রাষ্ট্রপতি ভবনে দেশের প্রধান বিচারপতি পদে শপথ নিচ্ছেন বিচারপতি বিআর গাভাই।
শেষ আপডেট: 14 May 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বুধবার, ১৪ মে, দেশের ৫২-তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন। তিনি প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবারই কার্যকালের মেয়াদ শেষ হয় বিদায়ী প্রধান বিচারপতি খান্নার। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান বিচারপতি পদে বিআর গাভাইকে শপথবাক্য পাঠ করান।
৬৪ বছর বয়সি নবনিযুক্ত প্রধান বিচারপতি গাভাইয়ে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যান্য বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন প্রধান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিচারপতি গাভাই হলেন দেশের প্রথম বৌদ্ধ এবং দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। মাত্র ৬ মাস ৯ দিন তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন। তাঁর অবসরের দিন এ বছরেরই ২৩ নভেম্বর।
মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি পদে কর্মজীবনের শেষদিনে প্রাপ্ত প্রশংসাপত্র পড়ে অভিভূত সঞ্জীব খান্না। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশ যেদিন উচ্ছ্বসিত, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে দেশাত্মবোধক, পাকিস্তান ও জঙ্গি বিরোধী উদ্দীপক ভাষণ দিচ্ছেন, সেদিনই অত্যন্ত সাদামাঠাভাবে অবসর নেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না।
কর্মজীবনের কথা স্মরণ করে মঙ্গলবার বিদায়ী প্রধান বিচারপতি খান্না বলেন, যিনি আসছেন তিনি সুপ্রিম কোর্ট, মৌলিক অধিকার ও সংবিধানের মূল্যবোধকে আরও উচ্চে তুলে ধরবেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি খান্না, ভাবী প্রধান বিচারপতি গাভাই ও বিচারপতি সঞ্জয় কুমার। তাঁরা অতীত দিনের কথা, সুন্দর স্মৃতির কথা বলেন। বিশেষত আলোচনায় উঠে আসে প্রধান বিচারপতি খান্নার পরিবারের পূর্বজ প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ আর খান্নার কথাও।
ভাষণে ভাবীর প্রতি বন্ধুত্ব ও নির্ভরশীলতার কথা জানিয়ে বিদায়ী বলেন, মনোনীত প্রধান বিচারপতি বিআর গাভাই সম্পর্কে বলতে পারি, আমরা একই বছরে বিচারপতি হয়েছিলাম। এখানে আমরা একসঙ্গে কলেজিয়ামে ছিলাম। এরপরেও আমরা বহু বিষয়ে আলোচনা করেছি। আমি অবশ্যই বলব, উনি আমার একটা বড় বলভরসা ছিলেন।