সৌদি আরব সফরে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্য কাজে গেলেও সেখানে স্বাভাবিকভাবেই ওঠে ভারত-পাকিস্তান ইস্যু।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 14 May 2025 08:54
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) চুক্তি হয়েছে তার কারিগর বলে নিজেকে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, তাঁর এও বক্তব্য, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ (Nuclear War) শুরু হওয়াও আটকেছেন তিনি। যদিও গত সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ইস্যুতে তৃতীয় কোনও মধ্যস্থতাকারী চায় না দেশ। মঙ্গলবার বিদেশমন্ত্রকও একই বার্তা দিয়েছে। তবে ট্রাম্প আছেন ট্রাম্পেই। এবার তিনি ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে ডিনার করার পরামর্শ দিলেন।
সৌদি আরব সফরে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্য কাজে গেলেও সেখানে স্বাভাবিকভাবেই ওঠে ভারত-পাকিস্তান ইস্যু (India Pakistan Conflict)। আর সেই নিয়ে কথা বলতে গিয়েই ট্রাম্প সংবাদমাধ্যমে বলেন, ''সমস্যা সমাধান করার জন্য উচিত ভারত-পাকিস্তানের একসঙ্গে ডিনার করা। পরমাণু যুদ্ধের কথা যাতে দুই দেশই না ভাবে, সেই নিয়ে নিশ্চিত হওয়া দরকার।'' ট্রাম্পের কথায়, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে লক্ষাধিক মানুষ মারা যেতে পারতেন। আর পরমাণু যুদ্ধ হলে কী হত তা সকলেই জানেন। তাই তাঁর পরামর্শ, একসঙ্গে সুন্দর ডিনার করলে হয়তো দুই দেশের মধ্যে পরিবেশ আরও হালকা হবে।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে ভারত-পাকিস্তান নিয়ে যে মন্তব্য করেছেন তা ভালভাবে নেয়নি নয়াদিল্লি। মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জম্মু-কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক ইস্যু। তৃতীয় পক্ষের কোনও রকম হস্তক্ষেপ ভারত চায় না। কিন্তু ট্রাম্প যে যে দাবি করে চলেছেন তা নিয়ে গোটা বিশ্বজুড়েই আলোচনা চলছে। তাঁর বক্তব্য ছিল, বাণিজ্যর কথা বলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন তিনি। বলেছিলেন, দুই দেশের সঙ্গেই বাণিজ্য করতে চায় আমেরিকা। পরিস্থিতি না বদলালে তা সম্ভব নয়। এরপরই নাকি ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ করে।
হোয়াইট হাউস জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে তাকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। প্রেসিডেন্টের সঙ্গে রাতভর আলোচনার পরই এটা সম্ভব হয়েছে। যদিও ভারত এই দাবি মানতে সম্পূর্ণ নারাজ। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, গত শনিবার দুপুরে পাকিস্তানের তরফে আর্জি জানানো হয়েছিল যুদ্ধবিরতির। ভারত শুধু তাতে সায় দিয়েছে, তাও পুরোপুরি নিজেদের শর্তে। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়েশওয়ালও পরিষ্কার করে জানান, ভারতের শক্তি দেখে পাকিস্তন গুলি বন্ধ করতে বাধ্য হয়েছে। কোনও মধ্যস্থতায় তারা সংঘর্ষ বন্ধ করেনি।
প্রসঙ্গত, মঙ্গলবার রিয়াধে এক ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবের সঙ্গে এই ৬০০ বিলিয়ন ডলারের চুক্তিকে 'আমেরিকা ফার্স্ট' নীতির বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। যে চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি ও স্বাস্থ্যসহ নানা খাতে বিপুল অঙ্কের সৌদি বিনিয়োগ আসবে যুক্তরাষ্ট্রে।