অসম বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারের কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে এল 'লাভ জিহাদ' প্রসঙ্গ। 'লাভ জিহাদ' রুখতে কঠোর আইন আনার প্রতিশ্রুতি এবারের নির্বাচনী প্রচারে অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিমন্ত বিশ্ব শর্মা
শেষ আপডেট: 31 March 2026 16:12
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও নির্বাচন হতে চলেছে এপ্রিল মাসে। অসমের মসনদে থাকা বিজেপির প্রচার তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নিজেদের 'ইস্তেহার' 'সঙ্কল্প পত্র' প্রকাশ করেছে বিজেপি। সেখানে, উন্নয়ন, কর্মসংস্থান, সাংস্কৃতিক সুরক্ষার পাশপাশি গুরুত্ব পেয়েছে 'লাভ জিহাদ'।
নিজেদের সঙ্কল্প পত্রে বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে অসমে 'লাভ জিহাদ' রুখতে কড়া আইন প্রণয়ন করবে তারা। পাশাপাশি, বিয়ের সূত্রে অথবা জোর করে ধর্ম পরিবর্তন রুখতে আইনি কাঠামো আরও শক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।
অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করবে বিজেপি সরকার। যদিও, ষষ্ঠ তফসিল ভুক্ত এলাকা এবং উপজাতিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে এখানে। এছাড়াও, আগামী পাঁচ বছরে রাজ্য সরকার দুই লক্ষ লোককে চাকরি দেবে বলেও সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিজেপির দাবি, এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের সামাজিক কাঠামো এবং আদিবাসী পরিচয় রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য। যদিও, বিজেপির এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তাদের মতে, নির্বাচনের ঠিক আগে বিজেপির এমন ধরনের মন্তব্য, উত্তর-পুর্বের এই রাজ্যে মেরুকরণের রাজনীতিকে আরও ইন্ধন দেবে।
বিজেপির সঙ্কল্প পত্রে থাকা অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে দুই লক্ষ চাকরি তৈরির কথা। এছাড়াও রয়েছে রাজ্যজুড়ে ভারি শিল্পে আরও বিনিয়োগ এবং স্বাস্থ্য এবং শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন। যদিও, এই সব কিছুকে ছাপিয়ে সঙ্কল্প পত্রের মূল ইস্যু হয়ে উঠেছে 'লাভ জিহাদ' সংক্রান্ত প্রতিশ্রুতি।
যদিও, অসম সরকার এর আগেও লাভ জিহাদ সংক্রান্ত আইন আনার বিশয়ে ইঙ্গিত দিয়েছে। তবে বিজেপির ইস্তেহারে সরাসরি এই আইন আনার বিষয়ে প্রতিশ্রুতি, নির্বাচনি প্রচারে এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।