সুন্দরীর দাবি, বাড়ির বারান্দায় পড়ে থাকা নোটটি কুড়িয়ে মালিকের হাতে তুলে দিতেই চেয়েছিলেন। সিসিটিভিতেও সেই দৃশ্য ধরা পড়েছে। কিন্তু মালিক নোট হাতে দেখেই সরাসরি চুরির অভিযোগ তোলেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 November 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে (Bengaluru) কাজ করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল এক মহিলা পরিচারিকার (Woman Domestic Worker)। যে বাড়িতে তিনি কাজ করতেন সেই বাড়ির মালিক তাঁর বিরুদ্ধে চুরির (Theft) অভিযোগ করেন। এই প্রেক্ষিতে পরিচারিকা এবং তাঁর স্বামীকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে তিন ঘণ্টা ধরে তাঁদের মারধর করেছে পুলিশ।
অভিযোগকারী ৩৪ বছরের সুন্দরী বিবি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা। তাঁর অভিযোগ, গত ৩০ অক্টোবর সকালে বেঙ্গালুরুর ভার্থুর থানায় চারজন পুরুষ ও তিন মহিলা পুলিশকর্মী লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তাঁদের। এতে তিনি ও তাঁর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মহিলার স্বামীও স্থানীয় পুরসভার (Municipality) কর্মী। ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে কর্নাটক প্রশাসন (Karnataka Govt)।
ঘটনার সূত্রপাত একটি ১০০ টাকার নোটকে কেন্দ্র করে। সুন্দরীর দাবি, বাড়ির বারান্দায় পড়ে থাকা নোটটি কুড়িয়ে মালিকের হাতে তুলে দিতেই চেয়েছিলেন। সিসিটিভিতেও সেই দৃশ্য ধরা পড়েছে। কিন্তু মালিক নোট হাতে দেখেই সরাসরি চুরির অভিযোগ তোলেন। এরপর তাঁর গয়না, বিশেষ করে একটি হীরের আংটি হারানোর অভিযোগও চাপানো হয়।
থানায় নিয়ে যাওয়া হলে স্বামীকেও ডেকে পাঠানো হয়। সেখানেই শুরু হয় মারধর। সুন্দরীর বক্তব্য, তিনি চিৎকার করায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন এবং সমাজকর্মী আর কালিমুল্লাহর হস্তক্ষেপে পুলিশ মারধর বন্ধ করে। পরে তাঁদের সন্ধ্যা ৭টা নাগাদ ছেড়ে দেওয়া হয়। তবে কাউকে কিছু না বলতে সতর্ক করে দেয় পুলিশ।
তীব্র ব্যথা ও জ্বর নিয়ে ভয় থেকে তিন দিন ঘরেই ছিলেন দুই নির্যাতিতা। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের মাইগ্রান্ট সেলের পরামর্শে চিকিৎসার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে যান সুন্দরী।
এরপরই কর্নাটক মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছেন সুন্দরী। নির্যাতনের মেডিক্যাল প্রমাণও জমা দিয়েছে পরিবার।
ঘটনার গুরুত্ব বুঝে রিপোর্ট চেয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পারমেশ্বর। বেঙ্গালুরু পুলিশ কমিশনারও জানিয়েছেন, হোয়াইটফিল্ড ডিভিশনের ডিসিপিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।