গঙ্গোত্রীর কাছে একদিনে দু-জায়গায় মেঘভাঙা বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা।
শেষ আপডেট: 5 August 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের ধারালির কাছে সুখি টপে ফের মেঘভাঙা বৃষ্টি। একদিনে জোড়া বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। গঙ্গোত্রীর কাছে একদিনে দু-জায়গায় মেঘভাঙা বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ফোন করে উদ্ধারকাজের খবরাখবর নেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে কংগ্রেস কর্মীদের উদ্ধার ও ত্রাণকাজে হাত মেলানোর নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর আবহাওয়া ভাল থাকলে দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন বিরোধী দলনেতা। সেনাবাহিনী উদ্ধারকাজে নামলেও রাজ্যের পাহাড়ি এলাকায় এখনও প্রবল বর্ষণ হয়ে চলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে ভারীতম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে।
ধারালির এক বাসিন্দা জানান, মঙ্গলবারের হড়পা বানে ২০-২৫টি হোটেল ও হোম স্টে ধুয়েমুছে গিয়েছে। ক্ষীরগঙ্গা নদীর উৎসমুখের দিকে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান চলে আসে। যার ফলে উত্তরকাশী এলাকা প্লাবিত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কাদামাটির নীচে বহু লোক আটকে রয়েছে। তাঁদের খোঁজ চলছে।