মন্ত্রকের এক আধিকারিক জানান, “এআই যেমন উন্নতির হাতিয়ার, তেমনই ভুল ব্যবহারে তা ক্ষতির কারণ হতে পারে। তাই ছোট থেকেই শিক্ষার্থীদের সচেতন করাই লক্ষ্য।”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 31 October 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে স্কুল শিক্ষায় আসছে যুগান্তকারী পরিবর্তন (Center for revolution in education)। আগামী শিক্ষাবর্ষ থেকেই ক্লাস থ্রি থেকে শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) শিক্ষার পাঠ! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই-সহ সমস্ত বোর্ডেই এআই-ভিত্তিক পাঠ্যক্রম চালু হবে।
শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যেই ‘এআই অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং’ (AI & CT) পাঠের জন্য প্রয়োজনীয় রিসোর্স মেটিরিয়াল তৈরি হয়ে যাবে। তার আগে ‘নিষ্ঠা’ কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।
এই নতুন পাঠ্যসূচি তৈরির দায়িত্বে ছিল সিবিএসই-র গঠিত এক বিশেষজ্ঞ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক কার্তিক রমণ। শিক্ষামন্ত্রকের বৈঠকে উপস্থিত ছিলেন সিবিএসই, এনসিইআরটি, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের শীর্ষ কর্তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়— তৃতীয় শ্রেণি থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও গণনামূলক চিন্তনের পাঠ বাধ্যতামূলক করা হবে।
মন্ত্রকের এক আধিকারিক জানান, “এআই যেমন উন্নতির হাতিয়ার, তেমনই ভুল ব্যবহারে তা ক্ষতির কারণ হতে পারে। তাই ছোট থেকেই শিক্ষার্থীদের সচেতন করাই লক্ষ্য।”
‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, ২০২৩’ (NCF-SE) এবং ‘জাতীয় শিক্ষানীতি, ২০২০’-এর (NEP 2020) সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
কোন কোন স্কুলে শুরু হবে? মন্ত্রক সূত্রের খবর, প্রথম পর্যায়ে এই পাঠ্যসূচি চালু হবে সিবিএসইর আওতাভুক্ত স্কুলে, কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) এবং নবোদয় বিদ্যালয়ে (NVS)। পরে ধাপে ধাপে রাজ্য বোর্ডগুলিতেও চালু করার কথা ভাবছে কেন্দ্র।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বক্তব্য, “এআই ফর পাবলিক গুড— এই ভাবনাতেই আমরা এগোাচ্ছি। পড়ুয়াদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আগ্রহ, দক্ষতা ও নৈতিক বোধ গড়ে তোলা জরুরি।"