শুক্রবার সকালে পুরসভার কর্মীরা ম্যানহোল পরিষ্কার করতে গিয়েই চমকে ওঠেন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 31 October 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: রাজাবাজারে চাঞ্চল্যকর ঘটনা। ম্যানহোল থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ (body of young man in Rajabazar manhole)। শুক্রবার সকালে পুরসভার কর্মীরা ম্যানহোল পরিষ্কার করতে গিয়েই চমকে ওঠেন। ভিতরে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ— পুরোপুরি পচে গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহটি যে অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে পুলিশ এখনও নিশ্চিত নয় এটি খুন নাকি দুর্ঘটনা (Murder or accident?)। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জল না যাওয়ার অভিযোগ আসে স্থানীয়দের কাছ থেকে। সেই অভিযোগ পেয়েই কর্মীরা পরিষ্কারের কাজে নামেন। প্রথম তিনটি ম্যানহোল পরিষ্কার হয় স্বাভাবিকভাবেই। কিন্তু চতুর্থটি খুলতেই ছড়িয়ে পড়ে পচা গন্ধ। কর্মীদের চোখে পড়ে এক বিকৃতদেহ।
সাফাই কর্মীরা জানান, দেহটি বহুদিন ধরে সেখানে পড়ে ছিল বলেই মনে হচ্ছে। প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছে। তাই তদন্তকারীদের অনুমান, মৃত্যু বহুদিন আগেই ঘটেছে। আপাতত দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
প্রাথমিক তদন্তে দেহে বড় কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের। এদিকে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের এলাকা ও থানাগুলিতে নিখোঁজের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমানসে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।