দীপাবলির পরদিন সকালেই বিষাক্ত কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি (Delhi Pollution)। বায়ুর মান ‘খুবই খারাপ’ থেকে ‘ভয়াবহ’।
.jpeg.webp)
দূষণে ঢাকল দিল্লি
শেষ আপডেট: 21 October 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali Celebration) পর সকালে দূষণে ঢেকে রাজধানী, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta) সরকারকে দায়ী করল আপ। বলল ‘একিউআই (বাতাসের গুণগত মান) উচ্চারণ করতেও পারেন না মুখ্যমন্ত্রী’। পাল্টা বিজেপির (BJP) দাবি, দোষ আসলে নাগরিকদের।
দীপাবলির পরদিন সকালেই বিষাক্ত কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি (Delhi Pollution)। বায়ুর মান ‘খুবই খারাপ’ থেকে ‘ভয়াবহ’। সব জায়গায় লাল সতর্কতা। দূষণ রুখতে আগাম কড়া নির্দেশ ও আদালতের সময়সীমা, সবই যেন ব্যর্থ। এ নিয়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক দোষারোপের লড়াই।
দিল্লির বায়ু দূষণের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও তাঁর বিজেপি সরকারের ‘ব্যর্থতা’কেই দায়ী করেছে আম আদমি পার্টি (AAP)। দলের রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী AQI উচ্চারণও করতে পারেন না। তিনি বলেন IQ, QQ! সরকারের কোনও প্রস্তুতিই ছিল না। দূষণ রুখতে তারা কিছুই করেননি।”
এদিন আপ নেতা গোপাল রায় অভিযোগ করেন, “দিল্লিতে দূষণ বাড়ছে, কিন্তু সরকার শুধু অন্য রাজ্যগুলিকে দোষ দিচ্ছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান— সব জায়গায় বিজেপি শাসন করছে। দীপাবলির আগে কেন তারা উদ্যোগ নিল না?”
তাঁদের অভিযোগ, যখন রাজধানীতে দূষণের জরুরি অবস্থা চলছে, তখন বিজেপি নেতারা উলটে সাধারণ মানুষকেই বাজি পোড়াতে উৎসাহ দিয়েছেন।
সৌরভ ভরদ্বাজ আরও বলেন, “সরকার মিথ্যে বলেছে। দীপাবলির পর কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ রুখবে বলেছিল। সেটা হল কোথায়? মানুষ অসুস্থ হচ্ছে, অথচ কোনও পদক্ষেপ নেই।”
কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ এক্স-এ লেখেন, “AQI ৪০০ ছাড়িয়েছে, বাতাসে শ্বাস নেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী মোদী ১১ বছর ধরে ক্ষমতায়, এখন দিল্লিতেও বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে বাজি ফাটানোর অনুমতি চেয়েছিলেন, তারপর সেই নির্দেশ মানা হয়নি। দিল্লি ও তার মানুষকে সম্পূর্ণ ব্যর্থ করেছে বিজেপি।”
অন্যদিকে, বিজেপির যুক্তি, দূষণের মূল কারণ প্রতিবেশী রাজ্যের খড় পোড়ানো। দিল্লির পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা বলেন, “সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও আশপাশের রাজ্যগুলিতে খড় পোড়ানো হচ্ছে, তার ফল ভুগছে দিল্লি।”
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য মন্তব্য করেন, “দীপাবলিকে দোষ দেবেন না। এটা আম আদমি পার্টির শাসনের ধোঁয়া, উৎসবের আলো নয়, যা দিল্লির আকাশ ঢেকে দিয়েছে।”
দীপাবলির রাত পেরিয়ে সোমবার সকালে দিল্লির বাতাসে ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া। দৃশ্যমানতা কমে গেছে, শ্বাসকষ্টে জর্জরিত মানুষ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, সকাল ১১টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৫৯। অর্থাৎ ‘খুবই খারাপ’। ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৫টিই ছিল ‘লাল অঞ্চলে’।
হরিয়ানাতেও AQI ৩৫৮, পাঞ্জাবে অমৃতসরে ২১২, জলন্ধরে ২৪২, আর লুধিয়ানায় ২৬৮। সুপ্রিম কোর্ট ১৫ অক্টোবরের নির্দেশে দিল্লি-এনসিআর জুড়ে শুধুমাত্র সবুজ আতশবাজি অনুমোদন করেছিল। তাও দীপাবলির দিনে সময় ঠিক করে দেওয়া হয়েছিল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। কিন্তু বহু এলাকায় মধ্যরাত পর্যন্ত বাজি ফাটানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নাগরিকদের অসচেতনতা, প্রশাসনের ঢিলেমি এবং প্রতিবেশী রাজ্যগুলির দায়িত্বজ্ঞানহীনতার মিশ্রণেই এই পরিস্থিতি।