লখনউয়ের সর্ভোদয় নগর এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল ২৭ বছর বয়সি এক মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ। ২৭ মে এই ঘটনায় গোটা পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 June 2025 09:06
দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের সর্ভোদয় নগর এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল ২৭ বছর বয়সি এক মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ। ২৭ মে এই ঘটনায় গোটা পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, তদন্তে উঠে আসছে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, যার সঙ্গে জড়িয়ে রয়েছে ব্ল্যাকমেল, যৌন হেনস্থা এবং প্রায় ১২.৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণা।
২০১৯ সালে উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেন ওই কনস্টেবল। প্রথমে তাঁকে গাজিপুর থানায় নিযুক্ত করা হয়। গত দুই বছর ধরে তিনি লখনউয়ের মাড়িয়াঁও থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি আমরোহা জেলায়। তাঁর পরিবারের অভিযোগ, আমরোহারই এক ব্যক্তি—সতবন্ত—নিরন্তর তাঁকে ব্ল্যাকমেল করছিল। পরিবারের দাবি, অভিযুক্ত সতবন্ত তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা ভিডিও করে ব্ল্যাকমেল করত এবং দীর্ঘদিন ধরে এই ব্ল্যাকমেল করে মোট ১২.৫ লক্ষ টাকা আদায় করেছে।
এই অভিযোগের ভিত্তিতে গাজিপুর থানায় সতবন্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করা হয়েছে। যদিও এখন পর্যন্ত অভিযুক্ত পলাতক, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) বাবলু কুমার।
তিনি জানান, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কনস্টেবল চরম মানসিক ও আর্থিক চাপে ছিলেন। তদন্ত চলছে, প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" এই ঘটনায় পুলিশের ভূমিকা এবং কর্মক্ষেত্রে মহিলা কনস্টেবলদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।