বুধবার সন্ধ্যেই টেলিফোনে দ্য ওয়ালকে গৌতমবাবু জানান, পুরী থেকে সপরিবারে হাওড়ায় ফিরছিলেন। গাড়িতে সস্ত্রীক তিনি ছাড়াও তাঁর দুই দাদা ও বৌদি ছিলেন। চালকের পাশের আসনে বসেছিলেন হাওড়ার তৃণমূল বিধায়ক।

গৌতম চৌধুরী, হওড়ার তৃণমূল বিধায়ক।
শেষ আপডেট: 9 July 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালেশ্বর (Odisha Balasore) জেলার সিমুলিয়া থানার জামুজহাদি চকের কাছে জাতীয় সড়কে হাওড়ার তৃণমূল বিধায়কের (Howrah TMC MLA) গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্থানীয় বাইক চালক রাধাকান্ত লেনকার। রাধাকান্ত পেশায় একটি বিদ্যালয়ের পিয়ন, বাড়ি ওড়িশার সজনপুর গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে দুর্ঘটনার যাবতীয় দায়ভার মৃত বাইক চালকের ঘাড়েই চাপিয়েছেন হাওড়ার তৃণমূল বিধায়ক (Howrah TMC MLA) গৌতম চৌধুরী (Gautam Choudhuri)।
বুধবার সন্ধ্যেই টেলিফোনে দ্য ওয়ালকে গৌতমবাবু জানান, পুরী থেকে সপরিবারে হাওড়ায় ফিরছিলেন। গাড়িতে সস্ত্রীক তিনি ছাড়াও তাঁর দুই দাদা ও বৌদি ছিলেন। চালকের পাশের আসনে বসেছিলেন হাওড়ার তৃণমূল বিধায়ক।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিধায়কের গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর গাড়ির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়, আর রাধাকান্তের বাইক কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে তৃণমূল বিধায়কের দাবি, "বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়ির সামনের আসনে বসেছিলাম। গাড়ির গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটারের মধ্যে ছিল। হঠাৎ করে রং সাইড থেকে বাইকটি চলে আসে। তারই জেরে দুর্ঘটনা।"
গৌতমবাবু এও জানান, দুর্ঘটনার জেরে তিনি, তাঁর স্ত্রী এবং এক বৌদি আহত হয়েছেন। তিনি বলেন, "শারীরিক এবং মানসিক অবস্থা ভাল নেই। তবে গোটা ঘটনায় আমি ব্যাথিত।"
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "ঘটনাটি নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে এখনই কাউকে গ্রেফতার করা হয়নি। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।" ঘটনার পর সংশ্লিষ্ট জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, বিধায়কের গাড়ি দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি বা অন্য কোনও ট্রাফিক নিয়ম ভাঙা হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে বিধায়ক গৌতম চৌধুরীকে হাওড়া সদরের সভাপতিও করেছিল দল।