ঘটনার পর লরি মালিকরা প্রশ্ন তোলেন, ৪০ বছর ধরে ওই এলাকায় এভাবেই লরি দাঁড়িয়ে থাকে, তাহলে হঠাৎ এভাবে গাড়িগুলি ভাঙচুর করা হল কেন?

ফাইল ছবি।
শেষ আপডেট: 9 July 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: নিউ আলিপুরে (New Alipore) লরিতে ভাঙচুরের ঘটনায় (Lorry vandalism) থানার চার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড (Four SI suspended) করল পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত চার এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের (Departmental Inquiry Ordered) নির্দেশও দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।
মঙ্গলবার রাতে নিউ আলিপুরে (New Alipore) রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি (Vandalizing Lorry) আচমকাই ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের (Police) বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ, তোলা না দেওয়ায় সংশ্লিষ্ট রাস্তায় কোনওরকম পূর্ব নির্দেশ না দিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একাধিক লরি আচমকাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হন লরির মালিকরা। থানায় বিক্ষোভ দেখানো হয়।
সূত্রের খবর, এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিউ আলিপুরের লরি ভাঙচুরের ঘটনায় চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর লরি মালিকরা প্রশ্ন তোলেন, ৪০ বছর ধরে ওই এলাকায় এভাবেই লরি দাঁড়িয়ে থাকে, তাহলে হঠাৎ এভাবে গাড়িগুলি ভাঙচুর করা হল কেন?
লরি চালকদের বক্তব্যের সঙ্গে সহমত স্থানীয়রাও। তাঁরা বলছেন, ‘‘যতই রাস্তা ছাড়ার নিয়ম থাকুক, এই ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার পুলিশের নেই।’’ কেউ বলছেন, ‘‘আইনের রক্ষকই যদি এমন অনভিপ্রেত কাণ্ড ঘটান, তাহলে আমজনতা কোথায় যাবে?’’
পুলিশের তরফে সকালেই আশ্বাস দেওয়া হয়েছিব, ঘটনার যথাযত তদন্ত হবে। অবশেষে ঘটনায় চার এসআইকে সাসপেন্ড করার পর লরি মালিকদের ক্ষোভ কিছুটা কমেছে। তবে তাঁদের প্রশ্ন, যেভাবে ৩০-৩৫টি লরিতে ভাঙচুর চালানো হল, এই বিপুল ক্ষতির দায়ভার কে নেবে?