ইন্দ্রজিৎ ও প্রিয়া রায় কয়েকমাস আগে বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা থাকতেন চাকদহের তাঁতলা রায়পাড়ায়। একই বাড়িতে থাকেন ইন্দ্রজিতের বাবা-মা এবং ভাইও।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 September 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার চাকদহে এক নবদম্পতির রহস্যমৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর নিজেদের ঘরে শুতে যান বছর একুশের ইন্দ্রজিৎ রায় ও ১৯ বছরের স্ত্রী প্রিয়া রায়। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎ করে দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। তীব্র পেটব্যথায় কাতরাতে থাকেন স্বামী-স্ত্রী। প্রথমে পরিবারের সদস্যরা ঘরোয়া চিকিৎসা করার চেষ্টা করলেও তাতে কোনও সুরাহা হয়নি (Chakdaha)।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে পৌঁছনোর পরই চিকিৎসকেরা দম্পতিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইন্দ্রজিৎ ও প্রিয়া রায় কয়েকমাস আগে বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা থাকতেন চাকদহের তাঁতলা রায়পাড়ায়। একই বাড়িতে থাকেন ইন্দ্রজিতের বাবা-মা এবং ভাইও। পরিবারের অন্যান্য সদস্যরাও সোমবার রাতে একসঙ্গে খাবার খেয়েছিলেন। কিন্তু কীভাবে শুধুমাত্র দম্পতির শরীরে এমন প্রতিক্রিয়া হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও মনোমালিন্য ছিল কি না, তাঁরা কি গোপনে কিছু খেয়েছিলেন, নাকি অজ্ঞাতসারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এমনকি খুনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা অবাক হয়ে প্রশ্ন তুলছেন, হঠাৎ এমন মৃত্যু কীভাবে সম্ভব? পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ পরিষ্কার হবে।