রেল সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালোপিন ট্রেন চলবে না। শিয়ালদহ বিভাগের সব শাখার সব ট্রেন প্রতিটি স্টেশনে থামবে। পাশাপাশি, ট্রেনের সময়সীমা বাড়ানো হবে।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 9 September 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। পঞ্চমী থেকে দশমী- পুজোর (Train Service during Puja) দিনগুলিতে কলকাতার বিভিন্ন বিখ্যাত মণ্ডপ ঘুরতে শহরতলি এবং জেলাগুলি থেকে লক্ষাধিক মানুষ আসেন। তাঁদের ভরসার অন্যতম পরিবহণ মাধ্যম লোকাল ট্রেন (Local Train)। আর তাই এবারও যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে শিয়ালদহ বিভাগ।
রেল সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালপিং ট্রেন চলবে না। শিয়ালদহ বিভাগের সব শাখার সব ট্রেন প্রতিটি স্টেশনে থামবে। পাশাপাশি, ট্রেনের সময়সীমা বাড়ানো হবে। শিয়ালদহ স্টেশনের ২১টি টিকিট কাউন্টার পুজোর দিনগুলিতে খোলা থাকবে। এর সঙ্গে থাকবে অতিরিক্ত ১০টি মোবাইল ইউটিএস এবং ১৭টি এটিভিএম। ভিড় নিয়ন্ত্রণে অস্থায়ী বুকিং ক্লার্ক ও অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়ার মোতায়েন করা হবে।
স্টেশন প্রাঙ্গণে ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই দিনগুলিতে বিকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত স্টেশনের ভিতরে ট্রলি চলাচল বন্ধ থাকবে। পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হবে। করোনা-পরবর্তী সময় থেকে বন্ধ থাকা এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন অংশ আবারও যাত্রীদের জন্য খোলা রাখা হবে, যেখানে টিকিট কাউন্টার ও এটিভিএম থাকবে।
শিয়ালদহ–কল্যাণী এবং শিয়ালদহ–সোনারপুর রুটে রাতে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত রেকও নামানো হবে। মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম ধার্য করা হয়েছে।
নিরাপত্তার জন্য আরপিএফ এবং স্বেচ্ছাসেবকরা থাকবেন ব্যস্ত লেভেল ক্রসিং গেটগুলিতে। শিয়ালদহ, দমদম, নৈহাটি, বারাসত প্রভৃতি স্টেশনে থাকছে হেল্প ডেস্ক ও চিকিৎসা বুথ। যাত্রীদের জন্য থাকবে হেল্পলাইন নম্বর, জরুরি পরিষেবার ফোন নম্বর এবং চিকিৎসক-সহ প্যারামেডিক্যাল টিম। এছাড়াও, প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে।
দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। অতিরিক্ত ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদহ টাউন- চলপল্লী এবং কানপুর সেন্ট্রাল-কলকাতা রুটে এই বিশেষ ট্রেনের পরিষেবা পাবেন যাত্রীরা।
এছাড়াও, যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেলওয়ে কলকাতা-নিউ জলপাইগুড়ি, কলকাতা-লালকুয়া লাইনে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।