জেনারেল কামরাকে (General Compartment) মহিলা কামরা করার প্রতিবাদের এপ্রিলের তৃতীয় সপ্তাহে পর পর দু'বার শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ (Rail Blocked) করেছিলেন পুরুষযাত্রীরা।
.jpeg.webp)
রেল অবরোধে মহিলারা।
শেষ আপডেট: 24 May 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: জেনারেল কামরাকে (General Compartment) মহিলা কামরা করার প্রতিবাদের এপ্রিলের তৃতীয় সপ্তাহে পর পর দু'বার শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ (Rail Blocked) করেছিলেন পুরুষযাত্রীরা। এবার মহিলা কামরা বাড়ানোর দাবিতে শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট রুটে ট্রেন অবরোধ করলেন মহিলা যাত্রীরা।
শনিবার সকাল ৬টা থেকে শিয়ালদহের দক্ষিণ শাখার মথুরাপুরে রেল অবরোধ করেন মহিলা যাত্রীরা। বিক্ষোভের জেরে প্রায় আড়াই ঘণ্টা শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যান্য রুটেও। কারণ, অবরোধের জেরে সকাল থেকেই আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ।
মহিলা যাত্রীদের অভিযোগ, ভোরের লোকালে মহিলা কামরা অতিরিক্ত না থাকার ফলে তাঁদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই ভোরের লোকালেও মহিলা কামরার সংখ্যা বাড়াতে হবে।
প্রসঙ্গত, লোকাল ট্রেনে মহিলাদের জন্য দুটি কামরা ছিল। মহিলা যাত্রী বৃদ্ধির কারণে গত মাসে সমস্ত লোকাল ট্রেনে মহিলাদের কামরার সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। তবে ভোরের দিকে যেহেতু মহিলা যাত্রীর সংখ্যা বিশেষ থাকে না, তাই দুটি কামরায় রয়েছে। এ নিয়েই আপত্তি জানান মথুরাপুরের মহিলা যাত্রীরা।
তাঁদের কথায়, ভোরের ট্রেনেও প্রচুর মহিলা থাকেন। কামরা না বাড়ানোর ফলে তাঁরা ঠিক করে বসে যেতে পারেন না। পরে রেল কর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দ্রুত দাবি পূরণ না হলে ফের অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।