এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের চৌধুরীগ্রামে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শেষ আপডেট: 30 June 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের চৌধুরীগ্রামে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
চৌধুরীগ্রাম পঞ্চায়েতের জায়গীর বালাবাড়ি পুলপার এলাকায় বাড়ি ওই মহিলার। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে স্থানীয় বাসিন্দা মজিদুল হকের কাছে একটি সোনার আংটি বন্ধক রেখে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। রবিবার দুপুরে সেই টাকা ফেরত দিয়ে আংটি নিতে গেলে শুরু হয় গন্ডগোল। অভিযোগ, প্রথমে নানা অজুহাত দেখিয়ে আংটি ফেরত দিতে অস্বীকার করেন মজিদুল। একবার বলেন ১০ হাজার, আবার বলেন ১৫ হাজার না দিলে আংটি ফেরত পাবেন না। শেষে জানান, আংটিটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি।
এরপরেই মহিলা প্রতিবাদ করায় শুরু হয় মার। ওই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে মজিদুল হক ও তাঁর স্ত্রী সাহিদা বিবির বিরুদ্ধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁকে ভর্তি করা হয় বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। রাত ৮টা নাগাদ অভিযুক্ত মজিদুল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে এলাকায়।