আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম দিকের শীতল হাওয়া এখন সক্রিয় নয়। তার বদলে শুষ্ক হাওয়ার প্রভাব বজায় রয়েছে। যদিও দক্ষিণা বাতাস এখনও পুরোপুরি দাপট দেখাতে শুরু করেনি, তবু তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 16 February 2026 18:44
দ্য ওয়াল ব্যুরো: ভোরের হালকা শিরশিরানি এখন আর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। সূর্য উঠতে না উঠতেই উধাও শীতের (West Bengal Winter Update) আমেজ, তার জায়গা নিচ্ছে বাড়তে থাকা উষ্ণতা। সকাল সাতটার পর থেকেই গরমের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে শহর ও শহরতলিতে। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই কার্যত শীত বিদায়ের (West Bengal Weather Update) ইঙ্গিত মিলছে, বলছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় থাকবে না বললেই চলে।
আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম দিকের শীতল হাওয়া এখন সক্রিয় নয়। তার বদলে শুষ্ক হাওয়ার প্রভাব বজায় রয়েছে। যদিও দক্ষিণা বাতাস এখনও পুরোপুরি দাপট দেখাতে শুরু করেনি, তবু তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।
২০ ফেব্রুয়ারি থেকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Weather Update) ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রাও ১৯ ডিগ্রির কাছাকাছি উঠবে বলে ধারণা।
বর্তমানে শহরের পারদ ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি কম থাকলেও সেই ব্যবধান দ্রুত ঘুচছে। আবহাওয়াবিদদের মতে, পরবর্তী সপ্তাহে সর্বনিম্ন ও সর্বোচ্চ - দুই তাপমাত্রাই কিছুটা বাড়বে।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে তা ১৬ থেকে ১৯ ডিগ্রির ঘরে। সপ্তাহান্তে এই দুই সূচকই বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে সকালের কুয়াশা (Dense Fog in North Bengal) এখনও সঙ্গ ছাড়েনি। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার - এই জেলাগুলিতে আগামী দু’-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। পার্বত্য দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। কালিম্পং-সহ উপরের দিকের সমতল জেলাগুলিতে ১১ থেকে ১৫ ডিগ্রি এবং মালদহ সহ নীচের দিকের জেলাগুলিতে ১৪ থেকে ১৭ ডিগ্রি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি উচ্চ বায়ুচাপ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আবহাওয়াবিদদের অনুমান, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও তার সরাসরি প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না।
সব মিলিয়ে, ফেব্রুয়ারির শেষভাগে বসন্তের আগমনের আগেই গরমের পূর্বাভাস স্পষ্ট। শীতের বিদায় এবার সময়ের আগেই - এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার হিসেব।