উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতাতেও বাড়বে পারদ। শীতের আমেজ ফিকে হয়ে শীঘ্রই বিদায় নেবে।

আবহাওয়া
শেষ আপডেট: 22 February 2026 10:52
দ্য ওয়াল ব্যুরো: শীত বিদায় স্পষ্ট। দিনের গরমে এবার দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়ার সর্বশেষ তথ্য বলছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩৩ ডিগ্রি। অন্যদিকে পুরুলিয়ায় তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় এখনও তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। টানা দু’দিন ৩০ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। তবে স্বস্তির খবর, এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই। ফলে দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও দ্রুত ফিকে হবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়ার প্রবণতা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন— দুই তাপমাত্রাই বাড়বে। জেলায় জেলায় প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া— সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে শীতের অনুভূতি।
উত্তরবঙ্গে অবশ্য এখনও শীতের হালকা উপস্থিতি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দিনের দিকে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, ফেব্রুয়ারি শেষ হতেই পাহাড় থেকে সমতল— সর্বত্রই শীতের আমেজ প্রায় বিদায় নেবে।
এদিকে দীর্ঘ ৭৯ দিন পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রির ঘরে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের দিকে দ্রুত বাড়ছে তাপমাত্রা। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।
বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার আশপাশে অবস্থান করছে। রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারালেও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনাই এই আবহাওয়ার পরিবর্তনের মূল কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা।