রাজ্য জুড়ে শীতপ্রেমী মানুষদের জন্য খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

শেষ আপডেট: 5 February 2026 09:29
দ্য ওয়াল ব্যুরো: মনে হচ্ছিল, জানুয়ারি পেরোতেই এ বারের শীত বুঝি বিদায় নিয়েই ফেলল। সোয়েটার, মাফলার, কম্বল ফের পাত্তারি গোটানোর পরিকল্পনায় ছিল রাজ্যবাসী। কিন্তু তার মধ্যেই শীতপ্রেমী মানুষদের জন্য খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather update today)। তারা সাফ জানিয়েছে, গল্পটা এখনও শেষ হয়নি। সপ্তাহান্তেই আবার ফিরে আসতে পারে শীতের ছোঁয়া (Winter comeback in Kolkata)।
জানুয়ারির মাঝামাঝি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছিল। ভোর-রাতে সামান্য ঠান্ডা থাকলেও, বেলা গড়াতেই রোদের তাপে সোয়েটার গায়ে রাখা অস্বস্তিকর হয়ে উঠছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, শীতের প্রভাব কমে এসেছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাসে স্পষ্ট, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিছুটা থমকেছে শীত। সেই রেশ সরলেই হাওয়ার দিক বদলাবে, আর তাতেই নামবে রাজ্যের পারদ (West Bengal weather update)।
আজ থেকেই শুরু হচ্ছে সেই হাওয়া ঘোরার পালা। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস বলছে, তা নেমে ১৪ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে (Kolkata temperature drop)। পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে নামার সম্ভাবনা। তবে শীতের এই আমেজ মিলবে মূলত সন্ধে থেকে রাত পর্যন্ত। দিনের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বেই। এমন পরিস্থিতি টানা চার থেকে পাঁচ দিন থাকতে পারে।
এদিকে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় কোনও জেলাতেই বৃষ্টি হয়নি। সকালে হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।