১৫ অগস্ট নতুন দল (New Party on August 15) ঘোষণা করার কথাও বলেছিলেন তিনি। তবে তাতে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হাত শক্ত’ করাই উদ্দেশ্য, সেই কথাও বারবার বলেছেন হুমায়ুন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 11 August 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: ২৬-এর বিধানসভা ভোটের লক্ষ্যে জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠকে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ, সোমবার উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে কলকাতায় হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক (Tmc Meeting)। স্থান ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস।
কিন্তু এই বৈঠকের আগেই রাজনৈতিক মহলের চোখ এখন এক ব্যক্তির দিকেই, তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি আদৌ এই বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়েই জোর গুঞ্জন। কারণ, সম্প্রতি তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে হুমায়ুন জানিয়েছিলেন, স্বাধীন রাজনৈতিক সংগঠন গঠনের কথা।
১৫ অগস্ট নতুন দল (New Party on August 15) ঘোষণা করার কথাও বলেছিলেন তিনি। তবে তাতে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হাত শক্ত’ করাই উদ্দেশ্য, সেই কথাও বারবার বলেছেন হুমায়ুন।
তাহলে কি আজকের বৈঠকে নতুন মোড়? সকাল থেকেই রাজনৈতিক মহলে চলছে জল্পনা—অভিষেকের ডাকা বৈঠকে হাজির থাকবেন কি না হুমায়ুন। অবশেষে নিজেই জানিয়ে দিলেন, "দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ১০ দিন আগেই এই বৈঠকের দিনক্ষণ ঠিক করেছিলেন। না যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আমি মানসিকভাবে প্রস্তুত।"
তবে নতুন দল গঠনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ভরতপুরের এই বিধায়ক। সাফ বলেন, “এখনই কিছু বলব না। আমি তৃণমূলের নির্বাচিত বিধায়ক। সময় এলে সব জানাব।” রাজনৈতিক মহলের মতে, হুমায়ুনের এই মন্তব্যই স্পষ্ট করছে, আপাতত তৃণমূল ছাড়ার পথে তিনি হাঁটছেন না।
অন্যদিকে, অভিষেক ইতিমধ্যেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদহের নেতাদের নিয়ে বৈঠক সেরেছেন। আজ উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের সংগঠন ঢেলে সাজাতে রণকৌশল তৈরি হবে। আগামিকাল, মঙ্গলবার দিল্লি রওনা হচ্ছেন অভিষেক, সেখানে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
তৃণমূলের অন্দরে মত, হুমায়ুনের আজকের বৈঠকে উপস্থিত থাকা আসলে অভিষেকের কৌশলগত সাফল্য। তিনি চেয়েছেন—দল ভাঙার আগেই আলোচনা করে বিদ্রোহ দমন করতে। আর হুমায়ুনও আপাতত সংঘর্ষ নয়, আলোচনার পথেই হাঁটছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।