রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, এই প্রশংসা কি কেবল সৌজন্য, নাকি ভোটের আগে বারাসতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

চিরঞ্জিৎ চক্রবর্তী ও শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 11 August 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: বারাসতের মঞ্চে বিরল দৃশ্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চমুখ শাসকদলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)।
এক কর্মসূচিতে এসে অভিনেতা-বিধায়ক খোলাখুলি বলেন, "শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক ভাল। ও আমাকে খুব ভালবাসে। আমি যে পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষ, সেটা ও-ই বলেছে।"
ঘটনাটি রবিবারের। তবে চিরঞ্জিৎ যেভাবে শুভেন্দুর প্রশংসা করেছেন, তাতে সোমবারও এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন, হঠাৎ কেন শাসক দলের বিধায়ক বিরোধী শিবিরের নেতার গুণগান করছেন? এর আগে ‘কন্যা সুরক্ষা যাত্রা’-য় এসে চিরঞ্জিতকে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। সেই প্রসঙ্গ উঠতেই আক্রমণ না করে উল্টে প্রশংসা করলেন তিনি।
চিরঞ্জিতের কথায়, "আমি সবার সঙ্গেই হেসে-খেলে কথা বলি। দেবও একইভাবে চলে। শুভেন্দু আমার ব্যক্তিগত ইমেজ নিয়ে যা বলেছে, সেটা ওর সার্টিফিকেট কি না, বলতে পারব না।"
বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিনি জানান, প্রতি সপ্তাহে দু’দিন করে বারাসতে আসেন। হিসেব কষে বললেন, বছরে ৯৬ দিন, ১৫ বছরে কতবার এসেছেন সেটা সহজেই বোঝা যাবে।
তবে ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে, তা অকপটে মেনে নিলেন চিরঞ্জিত, "যত দিন যাবে, তারকাদের মতো জনপ্রিয়তাও কমবে। আগে কর্মসূচিতে যে ভিড় হত, এখন আর হয় না। ছাব্বিশের ভোটে প্রার্থী হলে জিতব কি না জানি না।"
রাজনীতির লোক নন, এ কথাও স্বীকার করে দিলেন। সিদ্ধান্ত যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তাও স্পষ্ট জানিয়ে দেন।
"তিনি যদি বলেন লড়তে হবে, লড়ব। যদি বলেন বয়স হয়ে গেছে, সরে দাঁড়াব।"
ছাব্বিশের ভোটে বারাসত থেকে একাধিক দাবিদারের নাম ঘোরাফেরা করছে, শোনা যাচ্ছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক ছেলের নামও। চিরঞ্জিতের জবাব, "শুধু ও কেন, ৩৫ জনের নাম থাকতে পারে। আমি না দাঁড়ালে ৪০ জনেরও নাম উঠতে পারে। সময় হলে দেখা যাবে।"
রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, এই প্রশংসা কি কেবল সৌজন্য, নাকি ভোটের আগে বারাসতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?