কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 24 September 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টিতে (Heavy Rain, Kolkata) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু—শহরের পুরনো সমস্যা যেন আরও একবার নগ্ন হয়ে উঠল। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। শহরের মধ্যে ৮ জন ও শহরতলিতে এক জনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddiqui)। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানান তিনি। তাঁর দাবি, মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দিতে হবে এবং জানতে হবে, প্রতি বছর বর্ষায় একই দৃশ্য কেন ফিরে আসে (Compensation and Judicial Investigation)? নওসাদের পাশাপাশি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসও।
নওসাদের আর্জি, শহরে অতিভারী বৃষ্টিপাত হলেই কেন প্রাণহানির মতো ঘটনা ঘটে, তা জানতে হবে। অতীতে এমন পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ করা হয়েছিল, সেই তথ্যও তুলে ধরতে হবে আদালতের সামনে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।
বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানির অনুমতি মিলেছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।
আইনজীবীদের মতে, জনস্বার্থ মামলার শুনানির সময় আদালত চাইলে রাজ্য সরকার ও পুরসভার থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করতে পারে। ফলে আসন্ন শুনানি ঘিরে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।
প্রশ্ন একটাই—প্রতি বছর একই ছবি কেন? আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের?