ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া—সব মিলিয়ে আগামী কয়েক দিন একেবারেই স্বস্তির আবহাওয়া নয়।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 27 September 2025 08:10
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আমেজে (Durga Puja) ইতিমধ্যেই শহরের রাস্তায় জমতে শুরু করেছে ভিড়। পুজো মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস তুঙ্গে। তবে ঠিক সেই সময় আবহাওয়া অফিসের সতর্ক বার্তা (Weather Update)—আসছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হতে পারে (storm and rain)। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া—সব মিলিয়ে আগামী কয়েক দিন একেবারেই স্বস্তির আবহাওয়া নয় জেলাগুলিতে (West Bengal)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শুক্রবার আরও ঘনীভূত হয়েছে। শনিবার সকালে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় স্থলভাগে ঢুকবে। এর প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে, বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামতে পারে আরও কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকেই বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম—সব জেলাতেই বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা।
২৯ ও ৩০ সেপ্টেম্বর-মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশেষ করে হুগলি, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুরের দিকে বজ্রঝড়-বৃষ্টির আশঙ্কা।
অক্টোবরের প্রথম সপ্তাহে ফের বাড়বে বৃষ্টি। ১ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা। আর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম—এই সব জেলায় ভারী বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার জন্য বিশেষ সতর্কতা
২৬ সেপ্টেম্বর: হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা ৩৩°/২৭°।
২৭ সেপ্টেম্বর: আকাশ মেঘলা, হালকা বৃষ্টি। তাপমাত্রা নামবে ৩১°/২৬°।
২৮ সেপ্টেম্বর: মাঝারি বৃষ্টি, মেঘলা আকাশ।
২৯-৩০ সেপ্টেম্বর: বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে।
১ অক্টোবর: ফের মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২ অক্টোবর: ভারী বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে কলকাতায়ও। তাপমাত্রা নামতে পারে ৩০°/২৫°-এ।
অর্থাৎ, দুর্গাপুজোর দিনগুলোতে ঢাকের তালে মাতবে বাঙালি। তবে ছাতা, রেইনকোট হাতের কাছে রাখতে হবে।