তাঁদের বক্তব্য, যারা মামলা করেছিল তাদের গণতান্ত্রিক অধিকার থেকে করেছিল। আপাতত তা খারিজ হলেও পরবর্তীকালে হয়তো রিভিউতে যাবে। তখন কী নির্দেশ আসে সেটাই দেখার বিষয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 May 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের (Tainted Jobless Teachers) একাংশের করা জোড়া মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট বলা হয়েছে, ওএমআরে কারচুপি থাকলে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে না। এছাড়া এপ্রিল মাসের বেতনও মিলবে না। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না আন্দোলনকারী 'যোগ্য' চাকরিহারারা (Protesting Jobless Teachers)। তাঁরা বলছেন, নিজেদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আশঙ্কা রয়েই যাবে।
বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে এতদিন ধরে আন্দোলন করছেন 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের অবশ্য বিক্ষোভের জন্য জায়গা বদলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জায়গা বদল করতে হলেও আন্দোলন যে দমে যাবে না, তার স্পষ্ট বার্তা দিয়েছেন তাঁরা। আর সুপ্রিম কোর্টের রায় শুনে তাঁদের বক্তব্য, যারা মামলা করেছিল তাদের গণতান্ত্রিক অধিকার থেকে করেছিল। আপাতত তা খারিজ হলেও পরবর্তীকালে হয়তো রিভিউতে যাবে। তখন কী নির্দেশ আসে সেটাই দেখার বিষয়।
চিহ্নিত 'অযোগ্য'রা যে দুর্নীতির সঙ্গেই যুক্ত তা স্পষ্ট বলছেন এই 'যোগ্য' প্রতিবাদী চাকরিহারারা। তাঁদের কথায়, যারা অযোগ্য বলে প্রমাণিত হবে বা হয়েছে, তারা কোনও ভাবেই যাতে পরীক্ষায় বসতে না পারে তা নিশ্চিত করতে হবে। এমনটা হলে যোগ্য যারা তাঁদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে। দুর্নীতি করে কেউ চাকরি বহাল রাখতে পারে না আর দুর্নীতির পর আবার পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে আর্জি, যারা যোগ্য বলে বিবেচিত তাদের চাকরি যেন থাকে।
নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, ওএমআরে কারচুপি থাকলে সেই শিক্ষকরা পরীক্ষাতেও বসতে পারবেন না, বেতনও পাবেন না। এক্ষেত্রে তাঁদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই বলেই মত শীর্ষ আদালতের। বিচারপতিদের পর্যবেক্ষণ, মামলার শুনানির সময় তাঁরাও হাজির ছিলেন এবং নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। তাই যারা সংশয়ে ভুগতে চান, তাঁরা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন।