আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী বুধবার (১৩ অগস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে শক্তিশালী হবে।

আবহাওয়া
শেষ আপডেট: 12 August 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী বুধবার (১৩ অগস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে শক্তিশালী হবে।
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা হাওয়া।
বুধবার উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই পরিস্থিতি থাকবে। শনিবার ও রবিবার আংশিক মেঘলা আকাশ, সঙ্গে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।
দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের সম্ভাবনা। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর যেমন তিস্তা, তোর্সা ও জলঢাকা বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ ছিল ৩৪.৭ ডিগ্রি। আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে।
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে—যেখানে কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, তেলেঙ্গানা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।