বর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে ছিটেফোঁটা থেকে মুষলধারে বৃষ্টি চলছে। সেই ধারাই আরও জোরদার হতে চলেছে চলতি সপ্তাহে।

আবহাওয়া
শেষ আপডেট: 20 July 2025 09:49
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে ছিটেফোঁটা থেকে মুষলধারে বৃষ্টি চলছে। সেই ধারাই আরও জোরদার হতে চলেছে চলতি সপ্তাহে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে ২৪ জুলাই, বৃহস্পতিবার। তার জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাঁথির উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছেছে। পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অন্য অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ধরে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুই-ই বাড়তে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
উত্তরবঙ্গেও বর্ষা অত্যন্ত সক্রিয়। পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু অংশে। বুধবার ফের কালিম্পং-সহ পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় শনিবার স্থানীয় মেঘের কারণে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃহস্পতিবার থেকে নিম্নচাপের কারণে শহরে শুরু হতে পারে অতি ভারী বর্ষণ। আজ, রবিবার, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর সতর্ক করেছে, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির ফলে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ব্যাহত হতে পারে ট্রেন ও সড়ক পরিবহণও।