চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা ভারতের শিবিরে। নেটে প্র্যাকটিসের সময় চোট পেলেন পেসার অর্শদীপ সিং। জানা গিয়েছে, তাঁর বল করার হাতে কেটে যায়, যাতে সেলাই পড়েছে।

চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা
শেষ আপডেট: 20 July 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা ভারতের শিবিরে। নেটে প্র্যাকটিসের সময় চোট পেলেন পেসার অর্শদীপ সিং। জানা গিয়েছে, তাঁর বল করার হাতে কেটে যায়, যাতে সেলাই পড়েছে। ফলে ম্যানচেস্টার টেস্টে তাঁর খেলা কার্যত অনিশ্চিত। এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে হরিয়ানা এবং চেন্নাই সুপার কিংসের পেসার অ্যানশুল কাম্বোজকে দলে ডেকেছে বিসিসিআই সিলেকশন কমিটি। তিনি থাকবেন অর্শদীপের কভার হিসেবে।
ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে জসপ্রিত বুমরাকে খেলানো হবে কি না, তা নিয়েও এখনও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, ভারতীয় বোর্ড ও কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী পাঁচ ম্যাচের সিরিজে বুমরা খেলবেন মাত্র তিনটি টেস্ট। প্রথম ও তৃতীয় টেস্টে খেলেছেন তিনি, দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। তৃতীয় ম্যাচে ফেরেন এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন, যদিও ভারত ম্যাচ হারায় ২২ রানে।
ভারত A ও ইংল্যান্ড A-র মধ্যে হওয়া ২টি অনানুষ্ঠানিক টেস্টে ভাল পারফরম্যান্স করেন কাম্বোজ। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও তিনি কার্যকরী, যেটা কোচ গৌতম গম্ভীরের মাল্টি-স্কিল খেলোয়াড় বেছে নেওয়ার প্রবণতার সঙ্গে মানানসই। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন কাম্বোজ। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২১টি ম্যাচ খেলেছেন তিনি।
চূড়ান্ত ঘোষণা না হলেও জানা গিয়েছে, বুমরা না খেললে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়া হয়তো আনশুল কাম্বোজ, শার্দূল ঠাকুর কিংবা প্রসিদ কৃষ্ণ—এই তিন জনের মধ্যে থেকে কাউকে খেলাতে পারে। অন্যদিকে, অর্শদীপ সিং এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক করেননি। তিনি ৮টি ওডিআই ও ৬৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।