গুজরাতের কচ্ছ জেলায় নিযুক্ত এক মহিলা সহকারী সাব-ইনস্পেক্টরকে (ASI) গলা টিপে খুন করার অভিযোগ উঠল তাঁর সহবাসী সঙ্গীর বিরুদ্ধে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 20 July 2025 09:01
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের কচ্ছ জেলায় নিযুক্ত এক মহিলা সহকারী সাব-ইনস্পেক্টরকে (ASI) গলা টিপে খুন করার অভিযোগ উঠল তাঁর সহবাসী সঙ্গীর বিরুদ্ধে। অভিযুক্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী CRPF-এর এক জওয়ান। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অরুণা নটুভাই জাদব। তিনি কচ্ছ জেলার আনজার থানায় কর্মরত ছিলেন। শুক্রবার রাতে নিজের বাড়িতেই অরুণাকে শ্বাসরোধ করে খুন করেন দিলীপ দাগচিয়া নামের ওই জওয়ান।
শনিবার সকালে আনজার থানায় নিজে গিয়ে আত্মসমর্পণ করেন দিলীপ। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিলীপের সঙ্গে অরুণার পরিচয় হয় ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে। তারপর থেকে তাঁরা একসঙ্গে থাকছিলেন। দিলীপ মণিপুরে পোস্টেড CRPF-এর এক কর্মী এবং অরুণার পাশের গ্রামে থাকতেন।
শুক্রবার রাতে কোনও কারণে অরুণার সঙ্গে তীব্র ঝগড়া বাধে দিলীপের। সেই বিবাদের জেরে রাগের মাথায় তিনি গলা টিপে অরুণাকে খুন করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অরুণা মূলত সুরেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন এবং আনজারের গঙ্গোত্রী সোসাইটি-২–তে থাকতেন।
ঘটনার পর দিলীপের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী (BNS)-র অধীনে খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে আনজার থানার আধিকারিকেরা।