উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া
শেষ আপডেট: 24 July 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে ফের সক্রিয় নিম্নচাপ। মঙ্গলবার, তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তর ওড়িশার দিকে তার প্রভাব পড়বে সবচেয়ে বেশি।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের জেরে মঙ্গলবারই দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার, ২৫ জুলাই পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে—পুরুলিয়া ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
এছাড়াও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও ঝাড়গ্রামে হবে ভারি বৃষ্টি। ২৬ জুলাই থেকে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে চলবে ভারি বৃষ্টি। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৭ জুলাই উপকূলবর্তী জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টির আশঙ্কা। এরই মধ্যে ২৮-২৯ জুলাই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাসও মিলেছে। ফলে ওই সময়ে আরও এক দফা প্রবল বর্ষণ দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে কোথাও কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা এবং আশেপাশের অঞ্চলেও ২৪ ও ২৫ জুলাই ভারি বৃষ্টির সম্ভাবনা। ২৬-২৭ জুলাই মাঝারি বৃষ্টি চলবে, তবে ২৮-২৯ জুলাই ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।
অপরদিকে উত্তরবঙ্গেরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে ২৪ তারিখ থেকে। বিশেষত ২৫-২৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি প্রভৃতি জেলায় বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকবে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত। তাই মৎস্যজীবীদের ওই সময় সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।