প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে তাঁর বার্তা, "দয়া করে খারাপ কিছু শেখাবেন না। শুধুমাত্র সিরিয়াল টানতে গেলে রোজ গণ্ডগোল দেখাতে হবে, এটা ঠিক নয়। কত ভাল জিনিস রয়েছে, সেগুলিও দেখানো যায়।"
.jpeg.webp)
মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।
শেষ আপডেট: 24 July 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের (TV SERIAL) ধারাবাহিকগুলিতে যে একের পর এক 'বাজে' কনটেন্ট পরিবেশিত হচ্ছে, তা সমাজে ভয়ঙ্কর প্রভাব ফেলছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে আয়োজিত সম্মান প্রদান মঞ্চে দাঁড়িয়ে এদিন তিনি বলেন, "সিরিয়ালে সারাক্ষণ বিষ দেওয়া, ঝগড়া, গুন্ডামি— এসব দেখানো হচ্ছে। এতে বাচ্চারা ভুল শিখছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।"
প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে তাঁর বার্তা, "দয়া করে খারাপ কিছু শেখাবেন না। এটার দিকে নজর দিন। শুধুমাত্র সিরিয়াল টানতে গেলে রোজ গণ্ডগোল দেখাতে হবে, এটা ঠিক নয়। কত ভাল জিনিস রয়েছে, সেগুলিও দেখানো যায়।"
এদিনের অনুষ্ঠানে শুধু ধারাবাহিক নয়, বাংলা ভাষা নিয়ে চলা ‘সন্ত্রাস’ এর বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আজ বাংলা ভাষায় কথা বললেও শাস্তি পেতে হচ্ছে। তাদের জেলে ভরা হচ্ছে, এটা আমরা বরদাস্ত করব না। ৩০ কোটি মানুষ বাংলা বলেন। আমাদের নতুন ভাষা আন্দোলন গড়তে হবে।"
উত্তম কুমারকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেন, "উত্তম কুমার আমাদের দেশের, জাতির গর্ব। উনি প্রত্যেকটা গানে লিপ দিতেন, এটা ওনার বিউটি। আমি জীবনে আফশোস নিয়ে বেঁচে আছি, তাঁর সঙ্গে দেখা হয়নি কোনওদিন। সুচিত্রা সেন মৃত্যুর সাত দিন আগে দেখা করতে চেয়েছিলেন। সুপ্রিয়াদির সঙ্গেও যোগাযোগ ছিল। কিন্তু উত্তমদার সঙ্গে দেখা না হওয়াটা বারবার কষ্ট দেয়।"
ছোটবেলার স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল, মা আমাকে নিয়ে যেত, আমি কিছুটা দেখার পর ঘুমিয়ে পড়তাম, কিন্তু ছোটবেলায় শোনা সেই গানগুলো আজও ঠোঁটস্থ। কারণ, স্বর্ণযুগের বাংলা গানের বাজার কিন্তু কখনও ফুরবে না। তখনকার বাংলা গানের মাধুর্য্য, সংস্কৃতি, সুর একবার ভাবুন তো।
বাংলা সিনেমার প্রসারে রাজ্যের ১০০ টা জায়গায় ৪০/৫০ জন বসার মতো সিনেমা হল তৈরি হচ্ছে, জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এগুলি হচ্ছে। এর ফলে রাজ্যের প্রত্যন্ত এলাকায় সিনেমা হলের চাহিদা বাড়বে বলেই মনে করি। এরপরই টিভি সিরিয়ালের প্রসঙ্গ টেনে আনেন তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে মহানায়ক সম্মান জানানো হয় সোমনাথ কুন্ডু, আনন্দ আঢ্য, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, রুপঙ্কর বাগচীকে এবং গৌতম ঘোষকে মহানায়ক শ্রেষ্ট সম্মান জানানো হয়।