দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

আবহাওয়া
শেষ আপডেট: 21 August 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার আকাশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ায় সমুদ্র হয়ে উঠছে উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং কাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলাদা করে সতর্কতা জারি হয়েছে। আজ আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কোচবিহারসহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। মালদা ও দুই দিনাজপুর জেলায় শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের আটটি জেলায়ই।