এই সুযোগে দাউদাউ করে বাড়ছে অ্যাপ ক্যাবের ভাড়া। অফিস ফেরত টাইমে ওলা-উবেরের ভাড়া দ্বিগুণ তো বটেই, কোথাও কোথাও তিনগুণ। পকেটে চাপ বাড়ছে মধ্যবিত্তের।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 21 August 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধে থেকেই আকাশ মুখভার ছিল। আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) ছিলই, কিন্তু বৃহস্পতিবার দুপুরের দিকে আচমকা নেমে এল মেঘভাঙা বৃষ্টি (Heavy Rain)। তার জেরে অচল কলকাতা (Kolkata)। দক্ষিণ থেকে উত্তর— কোথাও জলমগ্ন রাস্তাঘাট, কোথাও হাঁপিয়ে ওঠা যান চলাচল (Traffic Jams disrupt)। ঘণ্টার পর ঘণ্টা ধরে তীব্র যানজটে নাকাল শহরবাসী।
ইএম বাইপাস, বেহালা, কসবা, ঠনঠনিয়া কালী বাড়ি থেকে ধর্মতলা, শিয়ালদহ — শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে শুধুই জল যন্ত্রণা স্তুপ আর জ্যামের দীর্ঘ শৃঙ্খল। অফিস ফেরত মানুষের চোখে-মুখে বিরক্তি। কোথাও অটো বন্ধ, কোথাও বাসের চাকা থমকে গেছে জলের নীচে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, আমির আলি অ্যাভিনিউ, পিসি কানেক্টর, এজেসি বোস রোড, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভারের একাংশে (পশ্চিম), শরৎ বোস রোড-সহ কিছু এলাকায় যানজট তীব্র।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হওয়াতেই রাজ্যে শুরু হয়েছে এই নতুন বর্ষা পর্ব। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হঠাৎ করে ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ, সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সন্ধে পর্যন্ত থামার নামগন্ধ নেই। কোথাও টানা, কোথাও থেমে থেমে , শহরের বুকে যেন মেঘভাঙা বৃষ্টি।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
এদিকে জল জমে যাওয়ায় বেহাল চিত্র শহরের একাধিক এলাকায়। ড্রেনেজ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে — অভিযোগ বাসিন্দাদের। রাস্তার পাশে হাঁটু জল, কোথাও নর্দমার জল উপচে উঠে ঢুকেছে ঘরের দোরগোড়ায়।
এই সুযোগে দাউদাউ করে বাড়ছে অ্যাপ ক্যাবের ভাড়া। অফিস ফেরত টাইমে ওলা-উবেরের ভাড়া দ্বিগুণ তো বটেই, কোথাও কোথাও তিনগুণ। পকেটে চাপ বাড়ছে মধ্যবিত্তের।
সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে কার্যত স্তব্ধ মহানগরী। একদিকে জল যন্ত্রণা, অন্যদিকে যানজট, দুইয়ে মিলে শহরবাসী যেন কার্যত অবরুদ্ধ।