দমদম পুরসভার মাঠে বিশেষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধন করবেন। তাঁর এই সভার আগে সাজো সাজো রব গোটা দমদম জুড়ে।

শেষ আপডেট: 21 August 2025 19:35
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে মাঠ নিয়ে কাজিয়া। দমদম পুরসভার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন জেলা বিজেপি নেতৃত্ব। টানা বৃষ্টিতে এবার নাজেহাল বাংলার মানুষ। শ্রাবণ শেষেও বৃষ্টির কমতি নেই। টানা বৃষ্টির জেরে দমদম পুর এলাকার বিভিন্ন জায়গায় এখনও জল জমে রয়েছে। তারই মধ্যে শুক্রবার দমদমে প্রধানমন্ত্রীর কর্মসূচি।
দমদম পুরসভার মাঠে বিশেষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধন করবেন। তাঁর এই সভার আগে সাজো সাজো রব গোটা দমদম জুড়ে। তারই মধ্যে সভার মাঠ নিয়ে পুরসভার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সহ সভাপতি স্বপন রায়চৌধুরী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আসবেন জেনেও দমদম পুরসভার পক্ষ থেকে ওই মাঠটি সারানো হয়নি। বৃষ্টির জল জমে যাওয়ার ফলে খুব খারাপ অবস্থায় ছিল এই মাঠ।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী আসবেন জেনে গোটা দমদমের মানুষ খুশি। তাঁরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। অথচ পুরসভার কোনও হেলদোল নেই। শুধু জমা জলই নয়, আবর্জনার স্তূপ জমেছিল এই মাঠে। তা সাফাই করার কোনও উদ্যোগ নেয়নি পুরসভা। আমরাই সেই মাঠকে সুসজ্জিত করলাম। প্রচুর পরিশ্রম করেছেন দলের কর্মীরা।"

তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ দত্ত। তিনি দাবি করেছেন, তাঁরা প্রধানমন্ত্রী আসার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন। বরুণবাবু বলেন, "বর্ষার জন্য রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছিল। সেটি সারানো হয়েছে। সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়া হয়েছে। যে মাঠে প্রধানমন্ত্রী আসবেন সেখানে লাগাতার বৃষ্টির জন্য প্রচুর জল জমেছিল। সেটা যতটা সম্ভব সরিয়ে এই মাঠ ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী আসবেন দমদমে। এতে আমরাও গর্বিত।"
শুক্রবার থেকে যে তিনটি নতুন মেট্রো রুট প্রধানমন্ত্রী চালু করবেন, সেগুলি হল- হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর।