কালবৈশাখীর স্বস্তি কাটতে না কাটতেই ফের চড়তে শুরু করেছে গরমের পারদ। দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর, সঙ্গে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

আবহাওয়া
শেষ আপডেট: 11 April 2026 11:46
দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখীর স্বস্তি কাটিয়ে আবারও তপ্ত হওয়ার পথে বাংলা। গত কয়েক দিনের ঝোড়ো বৃষ্টিতে আবহাওয়া মনোরম থাকলেও, বৈশাখের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানও ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত একই সতর্কতার আওতায় থাকবে।
প্রবল গরমের মাঝেই ১২ এপ্রিল ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে এবং ১৩ এপ্রিল বাঁকুড়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরলেও উত্তরবঙ্গে বৃষ্টির রেশ এখনই কাটছে না। আজ উত্তরের উপরের পাঁচ জেলায় বজ্রপাত ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাঝেই উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। জলপাইগুড়িতে ১৭ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা।
এতদিন রাজ্যে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছিল, যার ফলে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি ছিল। কিন্তু আপাতত সেই সম্ভাবনা কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে গরম ও অস্বস্তি বাড়বে। কলকাতায় বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও ১৭ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও আশা নেই।