আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপের সৃষ্টি হলেও তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে পূর্বাভাস। আপাতত রাজ্য বা ওড়িশা উপকূলে তার অগ্রগতির সম্ভাবনা কম।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 February 2026 09:35
দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারে এখন বসন্তের শুরু, কিন্তু আবহে গরমের আগাম (West Bengal Weather Update) ইঙ্গিত স্পষ্ট। ফেব্রুয়ারির শেষভাগেই রাজ্যের বহু জায়গায় পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। শীতের বিদায় কার্যত নিশ্চিত।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির (Rainfall Forecast In West Bengal) সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপের সৃষ্টি হলেও তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে পূর্বাভাস। আপাতত রাজ্য বা ওড়িশা উপকূলে তার অগ্রগতির সম্ভাবনা কম।
সোমবার উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট সাতটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা সেই তালিকায়। মঙ্গলবার বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে, তবে অধিকাংশ এলাকাতেই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ওই জেলাগুলির কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে।
তবে রবিবার পর্যন্ত কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার ও বৃহস্পতিবারও রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকার ইঙ্গিত।
দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আপাতত পারদ স্থিতিশীল থাকবে বলেই জানিয়েছে দফতর। আগামী এক সপ্তাহে সেখানে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য হেরফেরের ইঙ্গিত নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ - রবিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার থেকে আবার আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস।