দুর্গাপূজার রেশ কাটলেও বৃষ্টি পিছু ছাড়ছে না! রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি।

আবহাওয়া
শেষ আপডেট: 5 October 2025 08:02
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপূজার শেষ দিকে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলেছে। তবে উৎসবের রেশ কাটলেও বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিনেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও জারি করা হয়েছে সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে এগোচ্ছে। এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তাই শনিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে এবং হালকা থেকে মাঝারি পরিমাণে। শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে।
কবে কমবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে সতর্কতা জারি থাকলেও, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে।
দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে। রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।
কমলা সতর্কতা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার— এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
লাল সতর্কতা: এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি) হওয়ার সম্ভাবনা থাকায় সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার থেকে: সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। ওই দিন শুধু আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি থাকবে না।