আগামী সোমবার অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ব্লু লাইনে কম মেট্রো চলবে (Blue Line Metro Service)। অন্যদিকে গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 October 2025 21:13
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিন কম পরিষেবা পাওয়া যাবে মেট্রোর (Kolkata Metro)। আগামী সোমবার অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ব্লু লাইনে কম মেট্রো চলবে (Blue Line Metro Service)। অন্যদিকে গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সাধারণ দিনে সোমবারে ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৭২টি ট্রেন চলে। কিন্তু পুজোর দিনে সেই সংখ্যা কমে ২৩৬টিতে দাঁড়াবে। অর্থাৎ আপ ও ডাউন, দুই দিকেই চলবে ১১৮টি করে ট্রেন। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
সোমবার (৬ অক্টোবর) নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো চলবে যথাক্রমে সকাল ৬.৫০ ও ৬.৫৫ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৬.৫৪ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৬.৫৫ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম ও দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৩ ও ৯.৩৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ৯.২৮ মিনিটে।
যাত্রীদের মতে, ওইদিন ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় ব্লু লাইনে ভিড় কিছুটা বাড়তে পারে। তবে গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া–বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট–ডায়মন্ড পার্ক) এবং অরেঞ্জ লাইন (শহিদ ক্ষুদিরাম–বেলেঘাটা)–তে চলবে নিয়মিত সংখ্যক মেট্রো।
এদিকে, আগামিকাল অর্থাৎ রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের জন্য বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাতে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে বিশেষ মেট্রো ছাড়বে রাত ১০:০৩, ১০:২৩ এবং ১০:৪৩ মিনিটে। উল্টোদিকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে ছাড়বে রাত ৯:৫৩, ১০:১৩ এবং ১০:৩৩ মিনিটে।
একইভাবে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো মিলবে রাত ১০:২০, ১০:৪০ এবং ১১টায়। অপরদিকে হাওড়া ময়দান থেকেও একই সময়ে বিশেষ মেট্রো ছাড়বে সেক্টর ফাইভমুখী।