উত্তরবঙ্গের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের পথে ফিরছে। তবে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে বৃষ্টির প্রভাব।
.jpg.jpg.webp)
শেষ আপডেট: 10 October 2025 10:37
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি মাথায় কেটেছে পুজো, তারপরেও কমেনি দাপট। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বেশিরভাগ সময়ই আকাশের মুখ কালো, ঝমঝমিয়ে বৃষ্টি। এহেন আবহাওয়া থেকে মুক্তি কবে, তা জানতে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গবাসী (West Bengal weather)।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের পথে ফিরছে। তবে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে বৃষ্টির প্রভাব (weather forecast)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সকাল আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্তত ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই ৯টি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তবে তার মধ্যে কিছুটা স্বস্তির মুখে দেখছে উত্তরবঙ্গ। আজ কোনও জেলায় ভারী সতর্কতা জারি করা হয়নি। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানা গেছে।
আবহবিদদের মতে, দক্ষিণ বাংলাদেশ ও উত্তর ওড়িশায় দুটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে।
প্রকৃতি যেমন মনোরম, তেমনই ভয়ঙ্কর — তার প্রমাণ দিচ্ছে উত্তরের ভয়াবহ বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে যদিও বৃষ্টি প্রাণহানির কারণ নয়, তবে তা এখন দৈনন্দিন জীবনে বড়সড় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কমে কমবে বৃষ্টির প্রকোপ?
তবে আশার কথা, শনিবারের পর থেকে বৃষ্টি কমবে, বলছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে, তবে কিছু এলাকায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে।