আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া
শেষ আপডেট: 23 May 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে গরম ও জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তি ক্রমেই বাড়ছে। আকাশ মেঘলা থাকলেও সূর্যের প্রখরতা ও বাতাসে আর্দ্রতা বাড়ায় সকাল থেকেই ঘাম ঝরছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পুরোপুরি মেঘে ঢেকে যেতে পারে শহর। গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে শহরবাসীর কষ্ট। বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৮ মে পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তী দু’দিনে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এই নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়বে বলে আশঙ্কা।
এর পাশাপাশি কর্ণাটক উপকূলে এবং পূর্ব-মধ্য আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আজ নিম্নচাপে পরিণত হয়ে উত্তরমুখী গতিপথে শক্তি বাড়াতে পারে। আসাম ও পাঞ্জাবেও সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সকাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। মঙ্গলবার (২৮ মে) থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গরম ও আর্দ্রতার প্রভাব থাকবে এখানেও। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়বে।
কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গোয়া এবং ঘাট পর্বতমালার সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। ওড়িশা ও রাজস্থানেও তীব্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখতে বলছেন বিশেষজ্ঞরা।