২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সাব-ইন্সপেক্টর স্তরের পুলিশ আধিকারিকদের বদলি নির্দেশ জারি করল ভবানী ভবন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 14 January 2026 22:53
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে পুলিশকর্মীদের (West Bengal Police) বদলি সংক্রান্ত নির্দেশ জারি করল ভবানী ভবন। নির্বাচন কমিশনের (Election Commission) গাইডলাইন মেনে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়।
রাজ্য পুলিশের জারি করা ওই অর্ডারে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০০৮ সালের ২৩ ডিসেম্বরের নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট মানদণ্ডে পড়া সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে। সংশ্লিষ্ট জেলাগুলি ও পুলিশ কমিশনারেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, কমিশনারদের সঙ্গে আলোচনা করেই বদলির নির্দেশ জারি করতে হবে বলে স্পষ্ট করা হয়েছে।
নির্দেশিকায় দায়িত্ব বণ্টনও করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও আইজিপিকে বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পশ্চিম জোনের এডিজি ও আইজিপির দায়িত্বে থাকছে আসানসোল-দুর্গাপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেট। উত্তরবঙ্গ অঞ্চলের আইজিপিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এই সংক্রান্ত সমস্ত ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ ‘লেটার অ্যান্ড স্পিরিট’-এ মেনে চলতে হবে। কোনও ধরনের ব্যাখ্যার প্রয়োজন হলে তা রাজ্য পুলিশের ল’ অ্যান্ড অর্ডার শাখা, লিগ্যাল শাখা বা এসপিএনও-র মাধ্যমে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বদলির নির্দেশ জারি হওয়ার পর সংশ্লিষ্ট এডিজি ও আইজিপিদের ২৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট ভবানী ভবনে জমা দিতে বলা হয়েছে।