রবিবাসরীয় বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ (West Bengal Election date) ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় এবার ভোট গ্রহণ (West Bengal Election 2026) হবে দু’দফায়। প্রথম দফায় ভোট গ্রহণ হবে রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৫২টি আসনে। পরের দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 15 March 2026 21:43
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ (West Bengal Election date) ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় এবার ভোট গ্রহণ (West Bengal Election 2026) হবে দু’দফায়। প্রথম দফায় ভোট গ্রহণ হবে রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৫২টি আসনে। পরের দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে।
এখন সবচেয়ে কৌতূহলের বিষয় হল, কোন দফায় কোন কোন জেলায় ভোট গ্রহণ করা হবে?
কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে গোটা উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। অর্থাৎ প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট গ্রহণ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলায়। সেই সঙ্গে ভোট নেওয়া হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমান পশ্চিম জেলায়। এই ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট হবে প্রথম দফায়।




দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট গ্রহণ হবে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। এই ৭টি জেলায় ১৪২টি আসন রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক আসন তথা ৩৩টি আসন রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৩১টি আসন।




মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এদিন জানিয়েছে, প্রথম দফার ভোটের জন্য ৩০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়ন গ্রহণ করা শুরু হবে ৬ এপ্রিল। স্ক্রুটিনি শুরু হবে ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ৯ এপ্রিল।
দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ২ এপ্রিল। মনোনয়ন গ্রহণ করা শুরু হবে ৯ এপ্রিল। স্ক্রুটিনি শুরু হবে ১০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ১৩ এপ্রিল।
তাৎপর্যপূর্ণ হল, পশ্চিমবঙ্গে ভোটের দফা কমে যাওয়ায় সামগ্রিক ভাবে আগের তুলনায় কম দিনের মধ্যে ভোট পর্ব গুটিয়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। তবে ভোটের দফা কমলেও এবার নজিরবিহীন সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।