ভারী বর্ষণের ফলে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ঘরবাড়ি ধসে পড়েছে, বহু মানুষ আশ্রয়হীন। জলদাপাড়ায় হলং নদীর সেতু ভেঙে পর্যটকরা আটকে পড়েছেন স্থানীয় লজে।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 October 2025 07:41
দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে (North Bengal Weather)। টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস, ব্যহত জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। এরইমধ্যে আরও উদ্বেগের খবর দিল হাওয়া অফিস। সোমবার থেকেই উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি (Heavy Rain Forecast)। কী অবস্থা হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, আর দার্জিলিং ও কালিম্পঙের মতো পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভারী বর্ষণের ফলে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ঘরবাড়ি ধসে পড়েছে, বহু মানুষ আশ্রয়হীন। জলদাপাড়ায় হলং নদীর সেতু ভেঙে পর্যটকরা আটকে পড়েছেন স্থানীয় লজে। কোচবিহার শহরের অন্তত ২০টি ওয়ার্ড জলমগ্ন, কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান।
উত্তরবঙ্গে এখনও ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই দুর্যোগ আপাতত কয়েকদিন চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে। সোমবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বর্ষণের পূর্বাভাস আছে। কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শহর ও সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।