বুধবারের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা (Weather Forecast) কিছুটা বাড়বে এবং আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে আবার ঝড়বৃষ্টি বাড়ার ইঙ্গিত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস
শেষ আপডেট: 23 March 2026 07:25
দ্য ওয়াল ব্যুরো: হিসেব বলছে এখন রাজ্যে বসন্তকাল, কিন্তু গত কয়েকদিনে আবহাওয়ার আচরণে তার ছাপ বিন্দুমাত্র নেই। বরং ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের ফলে তাপমাত্রা কমে গিয়ে দক্ষিণবঙ্গে ফিরেছে একটু ঠান্ডার আমেজ (Weather Update)। রবিবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাওয়ায় সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহেও এমনই আবহাওয়া বজায় থাকবে (West Bengal Weather Today)।
কেন হচ্ছে বৃষ্টি ও ঝড়বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাব এই ঝড়বৃষ্টির কারণ। উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয়। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এই পরিস্থিতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, বলছে হাওয়া অফিস।
বিশেষজ্ঞদের মতে, সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে (Rain Forecast)। দুপুরের পর স্থানীয়ভাবে কালবৈশাখীর (Kalbaisakhi) সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে এবং শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
দক্ষিণবঙ্গে পুরো সপ্তাহ ধরে ঝড়বৃষ্টি চলতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।
হাওয়া অফিস বলছে, বুধবারের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা (Weather Forecast) কিছুটা বাড়বে এবং আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে আবার ঝড়বৃষ্টি বাড়ার ইঙ্গিত রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও (North Bengal Weather) ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
এই সময় সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত নাথুলা, জুলুক এবং নাথাংভ্যালিতে হিমবাহ ধসের ঝুঁকিও রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কলকাতার আবহাওয়া
কলকাতায় (Kolkata Weather Today) এখনও মেঘলা আকাশ ও ঠান্ডা হাওয়ার প্রভাব বজায় রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে ছিল এবং সোমবার সকালেও একই প্রবণতা দেখা গিয়েছে। আগামী কয়েকদিন আকাশ একইভাবে মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।