২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 21 October 2025 09:51
দ্য ওয়াল ব্যুরো: আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্রের উত্তাল জোয়ার ও বাতাসের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সাবধান থাকতে হবে। তবে এই নিম্নচাপের কোনও প্রভাব দক্ষিণবঙ্গ বা রাজ্যের অন্য জেলায় পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update of Bengal) শুষ্ক থাকবে এবং রোদ ঝলমলে থাকবে।
বর্ষার মরশুম শেষ হওয়ার পর দক্ষিণবঙ্গে শুষ্ক বাতাস ও হালকা পশ্চিমী হাওয়ার প্রভাব দেখা দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) থাকলেও আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ভাইফোঁটায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ পরিষ্কার থাকবে। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দিনের বেলায় রোদ ঝলমলে থাকবে এবং আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি হতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আজ থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চড়া রোদ থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে, তবে তা তীব্র বা বিরক্তিকর হবে না। আগামী ২৫ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী জেলাগুলোতে শনিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারও আবহাওয়া অনুরূপ থাকতে পারে। ইতিমধ্যেই আকাশে আংশিক মেঘ দেখা দিলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে থাকবে।
২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ কীভাবে আবহাওয়ায় পরিবর্তন আনবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। আপাতত দক্ষিণবঙ্গের মানুষরা উপভোগ করতে পারেন ঝলমলে রোদ এবং শুষ্ক আবহাওয়া।
উৎসবের ছুটিতে যাঁরা আন্দামানে ঘুরতে যাচ্ছেন, তাঁদের সাবধানে থাকতে বলা হয়েছে। সমুদ্রের ধারে বেশি না যাওয়াই ভাল। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে এবং সমুদ্র সংক্রান্ত সমস্ত আপডেট নজরে রাখতে হবে।