আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলোর তথ্য অনুযায়ী, পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ ২৭ অক্টোবর।জানা গেছে, ২৫ অক্টোবর ভোর ৩টেয় দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হবে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 15 October 2025 10:04
দ্য ওয়াল ব্যুরো: এবারের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে। এরপরই রাজ্যজুড়ে বইতে শুরু করেছে শীতের হালকা হাওয়া (Weather Update)। সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস। কিন্তু এর মধ্যেই রয়েছে নিম্নচাপের চোখ রাঙানি। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় (Cyclone Update) তৈরির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতা (Kolkata Weather), হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া- জেলাগুলিতে সকালে ও রাতে বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে।
উত্তরবঙ্গে (North Bengal Weather) কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময় থেকে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতে শুরু করবে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ও উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকায় কুয়াশার প্রভাব বেশি দেখা দিতে পারে।
এবারের শীত (Winter Forecast) কতটা জোরদার হবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের অনুমান, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ঠান্ডা হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় তাপমাত্রা রেকর্ড নীচে নামার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বর্ষার বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গেল শীতের কড়ানাড়া। এখন শুধু অপেক্ষা, কবে থেকে রাজ্যের সর্বত্র জাঁকিয়ে নামবে বাংলার প্রিয় ঋতু—শীত।
গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) স্বাভাবিকের নীচে রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। তবে সোমবারের থেকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে।
আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলোর তথ্য অনুযায়ী, পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ ২৭ অক্টোবর। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মান্যক সংস্থা WEATHER FORECASTING SYSTEM (WFS) জানিয়েছে, ২৫ অক্টোবর ভোর ৩টেয় দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হবে।
মডেলের অনুমান অনুযায়ী, ২৭ অক্টোবর সকালে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে। এরপর বাতাসের অভিমুখ পরিবর্তিত হবে। পরিস্থিতি অনুযায়ী এটি তামিলনাড়ুর উপকূল থেকে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে চলে যেতে পারে। আবার অন্য সম্ভাবনা হল, এটি তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও ওড়িশার উপকূল, অর্থাৎ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে। তবে জানা গেছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গঠন এবং শক্তি সম্পূর্ণভাবে স্থির না হওয়ায় এর চূড়ান্ত পথ ও প্রভাব নিশ্চিত করে বলা যাচ্ছে না।