বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখন কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু তার সঙ্গে যুক্ত অক্ষরেখাটি এখনও সক্রিয় রয়েছে। এই অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার উচ্চতায় বিস্তৃত।
.jpg.webp)
আবহাওয়া পূর্বাভাস (ফাইল ছবি)
শেষ আপডেট: 14 March 2026 10:31
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ও দক্ষিণ- বঙ্গের দুই প্রান্তের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের (North Bengal Rain Forecast) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Alert) রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা (Kolkata Weather) ও আশপাশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছিল। শহরের সল্টলেক ও রুবি সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য মুষলধারে বৃষ্টিও হয়। তবে শুক্রবার রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টি নামেনি। কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির দেখা মেলেনি। বেশিরভাগ অঞ্চলেই ঠাণ্ডা হাওয়ার স্বস্তি মিলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখন কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু তার সঙ্গে যুক্ত অক্ষরেখাটি এখনও সক্রিয় রয়েছে। এই অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এই কারণেই ঝড়বৃষ্টির অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝড়ো হাওয়ার বেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। আপাতত মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিছু জেলায় বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
কলকাতার (Kolkata Weather Today) জন্য আলাদা করে কোনও বড় সতর্কতা জারি করা হয়নি। তবে শহর ও শহরতলিতে হালকা বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রবিবার ও সোমবার। আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গে আপাতত দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরে ধীরে ধীরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। অন্যদিকে ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কমে যেতে পারে।