আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

ফাইল চিত্র
শেষ আপডেট: 13 July 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বর্তমানে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে কবে, কোথায় বৃষ্টি?
রবিবার
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার
পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার
নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা এবং দুই বর্ধমানে।
উত্তরবঙ্গে কবে, কোথায় বৃষ্টি?
রবিবার
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
সোমবার
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার
দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। শহরাঞ্চলে জল জমে যান চলাচল ব্যাহত হতে পারে।