কলকাতায় (Kolkata Weather) বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল হতে পারে।
.jpg.webp)
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ!
শেষ আপডেট: 13 August 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। রাজ্যজুড়ে আবহাওয়ায় (Weather Forecast of Bengal) বড় পরিবর্তন দেখা দিতে চলেছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert) জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে।
আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে কষ্ট হবে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধরনের পরিস্থিতি চলবে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, রবিবার ও সোমবার হালকা বৃষ্টির সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।
কলকাতায় (Kolkata Weather) বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
হাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে এবং আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বাংলা ও ওড়িশা উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অসম, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দেশের আরও বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।