আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার (১৩ অগস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 August 2025 11:00
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, রবিবার কোন কোন জেলায় বৃষ্টি হবে? কোথায় আবহাওয়া শুকনো থাকবে। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার (১৩ অগস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে দিল্লির ওপর দিয়ে ভাটিণ্ডা, রোহতক, বরেলি, লখনউ, পাটনা, বাঁকুড়া হয়ে দীঘা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বাংলায় কিছু ভাগে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গ
রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। একইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি আরও কমে যাবে, তবে আর্দ্রতা ও গরম বাড়বে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে বৃষ্টি আরও কমে যাবে।
উত্তরবঙ্গ
আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে, তবে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে।
টানা ভারী বৃষ্টিতে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বেড়ে যেতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা আছে, সিকিমেও একই সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কলকাতা
আজ থেকে কলকাতায় বৃষ্টি কমতে শুরু করবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা বাড়বে, তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী হবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশ।
উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, কঙ্কণ-গোয়া, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম ও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।